
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট মৌসুমি নিম্নচাপ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় আগামী পাঁচ দিন দেশজুড়ে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (২৭ জুলাই) প্রকাশিত পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
মঙ্গলবার (২৮ জুলাই) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং অন্যান্য বিভাগের কিছু স্থানে বৃষ্টি ও ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রাও সামান্য কমতে পারে।
বুধবার (২৯ জুলাই) দেশের আটটি বিভাগের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি এবং স্থানভেদে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। এদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সারাদেশের অনেক এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শুক্রবার (৩১ জুলাই) রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে বজ্রসহ বৃষ্টি ও ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর নাগরিকদের ভারি বর্ষণ, বজ্রপাত এবং দমকা হাওয়ার সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।